আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। দেশটিতে আবাসিক দূতাবাস স্থাপনকে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাসটি রাজধানী ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক এলাকার আলেকজান্দ্রা হাউজে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি অফিস থেকে প্রাথমিকভাবে প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে।
মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম বৃহস্পতিবার মিশনের দায়িত্ব গ্রহণ করেছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস চালুর ফলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও বাড়বে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য একটি নিবেদিত প্ল্যাটফর্ম তৈরি হবে। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদারেও দূতাবাস কাজ করবে।
বর্তমানে আয়ারল্যান্ডে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। বাংলাদেশি ও অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য দূতাবাস থেকে পর্যায়ক্রমে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার প্রস্তুতি চলছে।
কনস্যুলার সেবা চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত তারিখ, প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, আয়ারল্যান্ডে আবাসিক দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে।

অনলাইন ডেস্ক 











