বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে নতুন করে ভিসার আবেদন করা যাচ্ছে না। এতে বিদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া বন্ধ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করলে বিষয়টির সত্যতা জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার সকাল থেকে একাধিকবার ভিসা আবেদন পোর্টালে প্রবেশের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। প্রতিবারই সেখানে ‘সার্ভার এরর’ দেখানো হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীন।
দীর্ঘদিন এই পোর্টালের আধুনিকায়ন না করায় অতিরিক্ত আবেদন পড়লেই এই সার্ভার ডাউন হয়ে পড়ে। বর্তমানেও হঠাৎ করে সার্ভারটি ডাউন হয়ে পড়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে তারা জানায়, সার্ভারটি ঠিক করার কাজ চলছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে তাদের কারিগরি দল সার্বক্ষণিক কাজ করছে।
বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সংশ্লিষ্ট সিস্টেমে কারিগরি সমস্যার কারণে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এনডোর্সমেন্ট ও ভিসা প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে বর্তমানে বিলম্ব হচ্ছে।
গত রবিবার ভারতের নাগরিকরা বাংলাদেশের ভিসা আবেদন করতে চেয়েও না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনকে ট্যাগ করে লেখেন, ‘আপনাদের ভিসা আবেদন সাইট দুই দিন ধরে কাজ করছে না। আমি বাংলাদেশি ভিসা নিতে চেয়েছিলাম, কিন্তু সাইটটি কাজ করছে না। আবেদন পোর্টালে ত্রুটি দেখাচ্ছে এবং তিন দিন ধরে সেটিতে প্রবেশ করা যাচ্ছে না।’
এদিকে জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) কেন্দ্রীয় সিস্টেমে কারিগরি সমস্যার কারণে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) সার্ভার বর্তমানে সচল নেই।
ফলে বার্লিনে বাংলাদেশ দূতাবাসে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) ও ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে সাময়িক বিলম্ব হচ্ছে।
ডিআইপি কেন্দ্রীয় সিস্টেমটি দ্রুত সচল করতে কাজ চলছে। এ পরিস্থিতিতে আবেদনকারীদের অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস এবং এ সময়ে আবেদনের অবস্থা জানতে বারবার যোগাযোগ না করার আহবান জানিয়েছে। কেন্দ্রীয় সিস্টেম পুনরায় চালু হলে স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরুর বিষয়টি দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীমুল আমীন গণমাধ্যমকে জানান, ভিসা আবেদন ব্যবস্থা বর্তমানে বন্ধ রয়েছে। এতে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়েও কিছু সমস্যা থাকতে পারে। সমস্যা সমাধানে আমাদের কারিগরি দল সার্বক্ষণিক কাজ করছে। সিস্টেমে ত্রুটির কারণে আমরা নতুন আবেদন নিচ্ছি না। তবে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁরা সময়মতো ভিসা পাবেন। সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছে।
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এবং যেসব দেশের অগ্রিম ভিসা প্রয়োজন হয় না তারা বাংলাদেশে এসেই বিমানবন্দরে অন এরাইভাল ভিসা করে নিতে পারেন। তবু এই সমস্যা বড় ধরনের ইস্যু। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অনলাইন ডেস্ক 





















