পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদিনের সফরে পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে তারা হাইকমিশন পরিদর্শন করেন।
প্রতিনিধিদলকে বাংলাদেশ হাইকমিশনে অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, উপহাইকমিশনার, প্রেস কাউন্সেলর, কাউন্সেলর (কনস্যুলার), দূতালয় প্রধান এবং হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন অর্থ বিভাগের উপসচিব আব্দুল মান্নান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (প্রকল্প) মো. শাফকাত মোশাররফ।
প্রতিনিধিদল ইসলামাবাদের ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা হাইকমিশন চত্বরে একটি করে বৃক্ষ রোপণ করেন।

অনলাইন ডেস্ক 






















