যুক্তরাষ্ট্রের কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের স্প্রিং সেমিস্টার ২০২৭-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, ইয়েস প্রোগ্রাম তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক গড়ে তোলে, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি আমেরিকান সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধও তুলে ধরার সুযোগ পায়।
ইয়েস প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সেমিস্টার যুক্তরাষ্ট্রে বসবাস ও পড়াশোনার সুযোগ পায়। একটি কঠোর ও মেধাভিত্তিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে অংশগ্রহণকারী নির্বাচন করা হয়।
নির্বাচিত শিক্ষার্থীরা একটি আমেরিকান পরিবারের সঙ্গে বসবাস করে, যুক্তরাষ্ট্রের একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে, নেতৃত্বের দক্ষতা অর্জন করে এবং সুশাসন, ব্যবসা ও উদ্ভাবনে যুক্তরাষ্ট্রের উৎকর্ষ সম্পর্কে জানতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। ২০০৪ সাল থেকে বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী ইয়েস প্রোগ্রামে অংশ নিয়েছে।
আবেদন করতে ভিজিট করুন : www.iearnbd.org। আবেদনের শেষ সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত (বাংলাদেশ সময়)।
বিস্তারিত তথ্য বা কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে yesinfo@iearnbd.org অথবা যুক্তরাষ্ট্র দূতাবাসের DhakaUSExchanges@State.gov ঠিকানায়।

অনলাইন ডেস্ক 






















