কলকাতায় ভ্রমণের আগে বাংলাদেশিদের হোটেল বুকিং নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, কলকাতায় ১৯ আগস্ট ২০২৬ সংঘটিত অগ্নিকাণ্ডের পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা বা অন্যান্য কারণে বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো যাচ্ছে।
কলকাতায় আগমনের পূর্বে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করে এবং হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে যথাযথভাবে অবগত হয়ে ভ্রমণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
চিকিৎসার উদ্দেশ্যে আগত রোগীর সফরসঙ্গীদের কলকাতায় আসার পূর্বেই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট হোটেলের কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হোটেল থেকে হাসপাতালের দূরত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে কলকাতায় আগমনের পূর্বেই নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
কলকাতায় সাম্প্রতিক সময়ে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁসমূহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব হোটেল পুনরায় চালু হতে মাসাধিককাল লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এমন পরিস্থিতিতে কলকাতায় এসে আবাসনের সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করতে অনুরোধ করেছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন।

অনলাইন ডেস্ক 






















