প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন। এর মধ্যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। এর পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।
বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বঙ্গভবনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২শ’র বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভা নতুন সদস্যদের শপথ হবে। দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, মন্ত্রিসভার নতুন চার সদস্য আজ রাতে শপথ নেবেন। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি।
শপথের পরপরই তাদের দপ্তর বণ্টন করা হবে। এর মধ্যে আবদুল মঈন খানকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেওয়া হতে পারে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক 






















