এভিয়েশন গ্রাউন্ড অপারেশন এবং এ খাতে ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে তরুণদের ধারণা দিতে দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে এভিয়েশন.কম.বিডি। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
‘ইন্ট্রোডাকশন টু এভিয়েশন গ্রাউন্ড অপারেশন : নলেজ অ্যান্ড ক্যারিয়ার পাথ’ শীর্ষক কর্মশালাটির মাধ্যমে এভিয়েশন গ্রাউন্ড অপারেশনের বিভিন্ন দিক এবং এই খাতে বিদ্যমান ও ভবিষ্যৎ ক্যারিয়ার সুযোগ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে এভিয়েশন নিয়ে ক্যারিয়ার আলোচনায় সাধারণত পাইলট ও কেবিন ক্রু পেশাই বেশি গুরুত্ব পায়। তবে একটি বিমান বিমানবন্দরে অবতরণের পর থেকে পুনরায় উড্ডয়ন পর্যন্ত যাত্রীসেবা, ব্যাগেজ, কার্গো, এয়ারসাইড কার্যক্রম, নিরাপত্তা এবং বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট কার্যক্রমে বিপুলসংখ্যক পেশাজীবী যুক্ত থাকেন। কর্মশালায় এ ধরনের গ্রাউন্ড অপারেশনের কার্যক্রম, সংশ্লিষ্ট পেশা এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে আলোচনা করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের এভিয়েশন অবকাঠামো ও বিমানবন্দর কার্যক্রম সম্প্রসারণের সঙ্গে সঙ্গে দক্ষ জনবলের প্রয়োজনীয়তাও বাড়ছে। বিশেষ করে গ্রাউন্ড অপারেশন, যাত্রীসেবা, ব্যাগেজ, কার্গো এবং এয়ারপোর্ট সাপোর্ট কার্যক্রমে প্রশিক্ষিত জনবলের জন্য ভবিষ্যতে আরও সুযোগ তৈরি হতে পারে। এ প্রেক্ষাপটে তরুণদের এভিয়েশন গ্রাউন্ড অপারেশন খাতের কর্মক্ষেত্রগুলোর সঙ্গে পরিচিত করাই কর্মশালাটির অন্যতম উদ্দেশ্য।
কর্মশালায় এভিয়েশন গ্রাউন্ড অপারেশনের পরিচিতি, শিল্পের সামগ্রিক চিত্র, গ্রাউন্ড অপারেশনের বিভিন্ন কার্যক্রম, ক্যারিয়ার পথ এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা থাকবে। পাশাপাশি অভিজ্ঞ এভিয়েশন পেশাজীবীদের সঙ্গে অংশগ্রহণকারীদের মতবিনিময়ের সুযোগ থাকবে।
কর্মশালার মূল আলোচক হিসেবে থাকবেন হারুনুর রশীদ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, এভিয়েশন.কম.বিডি এবং এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের সাবেক এয়ারপোর্ট ম্যানেজার।
বিশেষ বক্তা হিসেবে থাকবেন মিসবাহ আল আহমেদ মাজুমদার, যিনি এভিয়েশন গ্রাউন্ড অপারেশন খাতে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন এবং ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস, ডিএইচএল, কাতার এয়ারওয়েজ, আরএকে এয়ারওয়েজ, শ্রীলঙ্কান এয়ারলাইনস ও মালদিভিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ এভিয়েশন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি ২,৫০০ টাকা। ৩১ আগস্ট পর্যন্ত আগাম নিবন্ধনের ক্ষেত্রে ফি ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হবে।
আয়োজক এভিয়েশন.কম.বিডি এভিয়েশন ও পর্যটন খাতে দক্ষতা ও ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে এভিয়েশন ও পর্যটনভিত্তিক জ্ঞান ও দক্ষতা বিকাশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের আগামী প্রজন্মকে এভিয়েশন ও পর্যটন খাতের সম্ভাবনার সঙ্গে পরিচিত করা এবং তাদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিভিন্ন উদ্যোগ ও ক্যাম্পেইন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

অনলাইন ডেস্ক 






















