মালয়েশিয়ার পাহাং রাজ্যের মেনটাকাব শহরের একটি প্লাইউড কারখানায় কর্মরত ১২৬ বাংলাদেশি শ্রমিক গুরুতর মানবিক সংকটে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের প্রায় তিন মাসের বেতন বকেয়া, চুক্তির বাইরে অতিরিক্ত কাজের চাপ এবং খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে কাজের কথা বলে এক বাংলাদেশি কর্মীকে অন্যত্র নিয়ে যাওয়ার পর থেকে তার সন্ধান না পাওয়ার অভিযোগে শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
Mentakab Veneer Plywood Sdn. Bhd.-এ কর্মরত এসব শ্রমিকের সমস্যার বিষয়ে জরুরি হস্তক্ষেপ চেয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন করেছে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক (MWN)।
সংগঠনটির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে শ্রমিকরা বিভিন্ন ধরনের শ্রম অধিকার লঙ্ঘনের মুখোমুখি হচ্ছেন। তাদের প্রায় তিন মাসের বেতন পরিশোধ করা হয়নি। পাশাপাশি চুক্তিতে নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত সময় কাজ করতে শ্রমিকদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, বৈধ ভিসা ও কাজের অনুমতি থাকা সত্ত্বেও কয়েকজন কর্মীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে দেশে ফেরত পাঠানোর অভিযোগ রয়েছে।
সাত দিন ধরে কর্মস্থলে যেতে নিষেধ
পরিস্থিতি সম্প্রতি আরও জটিল হয়েছে বলে অভিযোগ করেছে MWN। সংগঠনটির দাবি, প্রায় সাত দিন ধরে শ্রমিকদের কাজে যেতে নিষেধ করা হয়েছে। একই সময়ে কোম্পানির পক্ষ থেকে তাদের খাদ্য সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এতে শ্রমিকরা খাদ্যসংকটের পাশাপাশি চরম মানবিক দুর্ভোগের মধ্যে পড়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
JTK-তে অভিযোগ, হাইকমিশনকে অবহিত
অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি শ্রমিকরা গত ১১ আগস্ট মালয়েশিয়ার Jabatan Tenaga Kerja (JTK)-এর কাছে অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে তারা টেলিফোনে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনকে তাদের পরিস্থিতির বিষয়ে অবহিত করেন বলে আবেদনে বলা হয়েছে।
তবে শ্রমিকদের অভিযোগের বিষয়টি কোম্পানি জানতে পারার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে বলে দাবি করা হয়েছে।
কাজের কথা বলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ
এদিকে একজন বাংলাদেশি কর্মী নিখোঁজ হওয়ার অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
MWN-এর আবেদনে বলা হয়, ওই কর্মীকে কাজের কথা বলে কোম্পানির লোকজন অন্যত্র নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার অবস্থান ও নিরাপত্তা নিয়ে সহকর্মী এবং পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নিখোঁজ কর্মীর অবস্থান দ্রুত শনাক্ত করে তার নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
সাত দফা দাবি
শ্রমিকদের সংকট নিরসনে MWN বকেয়া তিন মাসের বেতন দ্রুত আদায়, অতিরিক্ত কাজের চাপ ও অন্যান্য শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত এবং খাদ্যসংকটে থাকা শ্রমিকদের জরুরি খাদ্য ও মানবিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে।
এছাড়া নিখোঁজ কর্মীর সন্ধান ও নিরাপত্তা নিশ্চিত, বৈধ ভিসা থাকা সত্ত্বেও জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর অভিযোগ তদন্ত, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আইনি ও কনস্যুলার সহায়তা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের নিরাপত্তা, খাদ্য ও আবাসন নিয়মিত পর্যবেক্ষণের দাবি জানানো হয়েছে।
MWN-এর পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকদের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর, কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তবে এসব অভিযোগের বিষয়ে Mentakab Veneer Plywood Sdn. Bhd.-এর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রকৃত পরিস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক 





















